কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ‘ডিজিটাল মানব’ বা ভার্চুয়াল মানুষ নিয়ন্ত্রণে এক নতুন ও কঠোর খসড়া নীতিমালা জারি করেছে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। প্রস্তাবিত এই নীতিমালায় ১৮ বছরের কম বয়সীদের জন্য যেকোনো ধরনের আসক্তিমূলক বা বিভ্রান্তিকর সেবা, বিশেষ করে ‘ভার্চুয়াল ঘনিষ্ঠ সম্পর্ক’ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মূলত শিশু সুরক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।
শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম রয়টার্স।
নতুন এই নিয়মে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে যে, কারো অনুমতি ছাড়া তার আদলে ডিজিটাল মানব তৈরি করা যাবে না। এছাড়া ভার্চুয়াল চরিত্র ব্যবহার করে পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া ফাঁকি দেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, বিচ্ছিন্নতাবাদ বা জাতীয় ঐক্য ক্ষুণ্ন করে এমন কোনো কনটেন্ট ছড়ানোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যৌন ইঙ্গিতপূর্ণ, সহিংস বা বৈষম্যমূলক কনটেন্ট প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কোনো ব্যবহারকারীর মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিলে তাকে সহায়তা করার দায়িত্বও প্রতিষ্ঠানের ওপর বর্তাবে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের দ্রুত বিকাশের ফলে যে ‘নীতিগত শূন্যতা’ তৈরি হয়েছিল, এই বিধিমালা তা পূরণ করে একটি ‘নিরাপদ ও নিয়ন্ত্রিত’ ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে। খসড়াটি আগামী ৬ মে পর্যন্ত জনমতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স
ইরান যুদ্ধ ও মুদ্রাস্ফীতি, ট্রাম্পের জনসমর্থনে ধস
