বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে অন্তত ছয়জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রদেশের মাসতুঙ্গ জেলার কির্ডগাব এলাকায় এই সফল অভিযান চালানো হয়। পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে- এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। জবাবে পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। কয়েক ঘণ্টা ধরে চলা এই তীব্র বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ছয়জন সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে পাকিস্তানি সেনারা। তবে গোলাগুলির একপর্যায়ে বেশ কয়েকজন সন্ত্রাসী নিকটবর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক সন্ত্রাসীদের ধরতে ওই অঞ্চলে বর্তমানে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, ‘ফিতনা আল হিন্দুস্তান’ শব্দটি পাকিস্তান সরকার বর্তমানে বালুচিস্তানে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করছে। এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী নিয়মিতভাবে এই ধরণের অভিযান পরিচালনা করে আসছে।
আফগান সীমান্তে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযান, ৮ জঙ্গি নিহত
