আমি এখন মুক্ত পাখি: মমতা

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:২৪ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার মুক্ত পাখি হয়ে মানুষের সেবায় কাজ করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটের নিজের বাসভবনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে মমতা বলেন, আমি এখন মুক্ত পাখি, মানুষের সেবায় কাজ করব। তবে পরবর্তী পদক্ষেপ আমরা দলগতভাবে ঠিক করব এবং আপনারা সবাই তা জানতে পারবেন।

তিনি বলেন, আমরা হারিনি। অত্যন্ত ১০০টি আসন গায়ের জোরে লুট করে নেওয়া হয়েছে। এই নির্বাচনে নির্বাচন কমিশনই আসল ভিলেন (খলনায়ক)। ভোটের ঠিক দুদিন আগে ষড়যন্ত্র করে দলের একাধিক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক কর্মকর্তাদের বদল করে তৃণমূলকে আটকানোর চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াই দেখলেও এমন নজিরবিহীন নির্বাচন আগে কখনো দেখিনি।

মমতা আরও বলেন, জাতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়া অ্যালান্সের শক্তি বৃদ্ধিতে কাজ করব। বাহাত্তরের সন্ত্রাসকে আমরা চোখে দেখিনি তবে এই সন্ত্রাস সব সন্ত্রাসকে ছাড়িয়ে গেছে। সোনিয়া জি, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন আমাকে ফোন করেছেন। ইন্ডিয়া জোটের সব মিত্ররা আমাকে বলেছেন যে তারা সম্পূর্ণভাবে আমার সঙ্গে আছেন।

মমতা অভিযোগ করে বলেন, আমার সব ইলেকশন এজেন্টেকে মারধর করা হয়েছে। আমি এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু কাকে অভিযোগ জানাবো, সে তো পুরোপুরি বিক্রি হয়ে গেছে। এই হয়েছে বাংলায়। বাংলার আসল চেহারা অন্যরকম। যে চেহারাটা বেরিয়ে এসেছে সেটা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনীর ও বিজেপির মিলিত চেহারা।

উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদের জন্য চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। এই নির্বাচনে বিজেপি ২০৬ আসন পেয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮১ আসন।

YA
আরও পড়ুন