ভারতকে টেক্কা দিতে পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চীন

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:১৮ পিএম

দক্ষিণ এশিয়ার আকাশসীমায় সামরিক আধিপত্য ও ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চীন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চাপে ফেলে এবার পাকিস্তানকে নিজেদের তৈরি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘জে-৩৫এই’ (J-35A) সরবরাহ করতে যাচ্ছে বেইজিং। চীনের এই সিদ্ধান্তে ভারতীয় প্রতিরক্ষা মহলে ইতোমধ্যেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছর প্যারিস এয়ার শো-তে জে-৩৫এই বিমানের সফল মহড়া প্রদর্শনের পর থেকেই এটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। বেইজিং সম্প্রতি বিমানটিকে নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে এবং এর প্রথম বিদেশি গ্রাহক হিসেবে পাকিস্তানের নাম নিশ্চিত করেছে। পাকিস্তান এই শক্তিশালী যুদ্ধবিমানটি কিনতে অনেক আগে থেকেই আগ্রহ প্রকাশ করে আসছিল।

জে-৩৫এই মূলত চীনের দ্বিতীয় কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (প্রথমটি জে-২০)। এটি আমেরিকার বিখ্যাত এফ-৩৫ স্টেলথ বিমানের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
রাডার ফাঁকি দেওয়া: এটি অত্যন্ত শক্তিশালী স্টেলথ প্রযুক্তিসম্পন্ন, যা শত্রুপক্ষের রাডারকে অনায়াসেই ধোঁকা দিতে পারে।
ইনফ্রারেড ব্যবস্থা: বিমানে অত্যাধুনিক ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম যুক্ত রয়েছে।
সাশ্রয়ী ও কার্যকর: মার্কিন এফ-৩৫ বিমানের তুলনায় এটি দামে কিছুটা সস্তা হলেও শক্তিতে প্রায় সমান বলে দাবি চীনের।

ভারতের কাছে বর্তমানে নিজস্ব প্রযুক্তির তেজাস এবং রাশিয়ার সুখোই ও রাফাল বিমান থাকলেও সেগুলোর কোনোটিই সরাসরি পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তিসম্পন্ন নয়। পাকিস্তান যদি বেইজিংয়ের এই মারণাস্ত্র হাতে পায়, তবে বিমান যুদ্ধের সক্ষমতায় তারা এক ধাপ এগিয়ে যেতে পারে। 

বিশ্বের সামরিক অস্ত্রের বাজার বর্তমানে আমেরিকার নিয়ন্ত্রণে। বেইজিং চাচ্ছে এফ-৩৫-এর বিকল্প হিসেবে জে-৩৫এই সরবরাহ করে আন্তর্জাতিক বাজারের বড় একটি অংশ নিজেদের দখলে নিতে। পাকিস্তান ছাড়াও আরও বেশ কিছু দেশ এই সিরিজের বিমান কেনার জন্য লাইনে রয়েছে বলে দাবি করেছে চীন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত