বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের

আপডেট : ০৮ মে ২০২৬, ১২:২৫ পিএম

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি দলটি।

এর মধ্যে দলটি সতর্ক করে জানিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকের কেউ সরকার গঠনের দাবি জানালে তাঁর দলের সব বিধায়ক পদত্যাগ করবেন।

সূত্র জানায়, ডিএমকে ও এআইএডিএমকের গুরুত্বপূর্ণ বৈঠকের পরই টিভিকে এই সিদ্ধান্ত নিয়েছে। দলটির সন্দেহ, দুই দ্রাবিড় দল একসঙ্গে সরকার গঠনের পরিকল্পনা করছে, যাতে সর্বাধিক ভোট পাওয়া টিভিকেকে বাইরে রাখা যায়।

টিভিকে দাবি করছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ তাদেরই পাওয়া উচিত।

গভর্নর আর, ভি. আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানাতে অনুমতি দেননি। তিনি বলেন, টিভিকের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মতো যথেষ্ট সমর্থন নেই।

সূত্রের দাবি, টানা দ্বিতীয় দিনের বৈঠকেও গভর্নর স্পষ্ট করে দেন যে সরকার গঠনের আগে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।

রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো প্রতিষ্ঠিত হয়নি।

বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিজয় নিজেই দুটি আসনে জিতেছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়াবে ১০৭।

অন্যদিকে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের জোটের মোট আসনসংখ্যা এখন ১১২। কিন্তু ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠন করতে প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে এখনো ৬টি আসন দরকার তাদের। বাকি সমর্থনের জন্য বাম দল ও ছোট কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে ডিএমকে বলেছে, আমাদের মূল লক্ষ্য আরেকটি নির্বাচন এড়ানো, স্থিতিশীল সরকার গঠন করা এবং সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ না দেওয়া।

সংখ্যাগরিষ্ঠতার সংকটকে জটিল পরিস্থিতি উল্লেখ করে ডিএমকে সব বিধায়ককে ১০ মে পর্যন্ত চেন্নাইয়ে থাকতে বলেছে।

অন্যদিকে, এআইএডিএমকের নেতা এডাপ্পাদি এক পলোনিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টিও ডিএমকের মধ্যে আলোচনা হচ্ছে।

ডিএমকের একাংশের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে তিনি কিংবদন্তি নেতা রামচন্দ্রের মতো শক্তিশালী হয়ে উঠতে পারেন এবং তখন তাকে ক্ষমতা থেকে সরানো কঠিন হবে।

তবে দলের জ্যেষ্ঠ নেতারা এখনও এমন জোট নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। তাদের আশঙ্কা, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দল একসঙ্গে এলে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

এদিকে গভর্নরের অবস্থানে টিভিকের সম্ভাব্য মিত্ররাও অসন্তোষ প্রকাশ করেছে।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বলেছে, সংবিধান অনুযায়ী একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত এবং শপথের আগেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি অনুচিত।

আরও একটি দলের প্রধান একই অবস্থান নিয়েছে। তিনি বলেন, গভর্নর টিভিকের কাছে ১১৮ জনের তালিকা চাইতে পারেন না। সংখ্যাগরিষ্ঠতা বিধানসভায় প্রমাণ করতে হয়।

এমনকি ডিএমকেও গভর্নরের সিদ্ধান্তকে জনমতের প্রতি অসম্মান বলে মন্তব্য করেছে।

তামিলনাডু বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৪টি। ফলে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দলকে পেতে হবে ১১৮টি। তবে কোনো দলই এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিজয়ের দল পেয়েছে টিভিকে পেয়েছে ১০৮টি। আর ডিএমকে ও এডিএমকে পেয়েছে যথাক্রমে ৭৩ ও ৫২টি। অন্যান্য একটি। সূত্র: এনডিটিভি

YA
আরও পড়ুন