পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলা, ১২ পুলিশ সদস্য নিহত

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা ও বন্দুক হামলায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (৯ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী বান্নু জেলায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, একদল সশস্ত্র সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, পুরো চৌকিটি ধসে পড়ে এবং আশপাশের বেসামরিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

রয়টার্স জানিয়েছে, প্রথম দফার বোমা হামলার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ (অ্যাম্বুশ) চালায়। এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। এমনকি এই হামলায় সন্ত্রাসীরা অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিও ব্যবহার করেছে বলে জানা গেছে।

‘ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান’ নামে একটি নবগঠিত সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এই হামলাটি তাদের পূর্বপরিকল্পিত অভিযানের অংশ।

বান্নু জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানিয়েছেন, হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও পুলিশ। সূত্র: আল জাজিরা

FJ
আরও পড়ুন