সম্পর্কে নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি দুই নেতার

আপডেট : ১৪ মে ২০২৬, ১১:০৯ এএম

চীন সফরে গিয়ে উদ্বোধনী বক্তব্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টকে উদ্দেশ করে বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, আমি সবাইকে বলি, আপনি একজন মহান নেতা। শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, আমাদের সম্পর্ক ভালো ছিল। মানুষ জানে না যে যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা সেটি সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম, আপনি আমাকে ফোন করতেন। আমরা খুব দ্রুত সেটি সমাধান করতাম। এই সফরে তিনি বিশ্বের ‘সেরা ব্যবসায়ী নেতাদের’ সঙ্গে নিয়ে এসেছেন জানিয়ে ট্রাম্প বলেন, আজ এখানে কেবল শীর্ষ ব্যক্তিরাই এসেছেন আপনাকে সম্মান জানাতে।

ট্রাম্প আরও জানান, অনেকেই এই বৈঠককে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় শীর্ষ সম্মেলন’ বলছেন ও তিনি আলোচনা নিয়ে ‘খুবই আগ্রহী’। বক্তব্যের শেষদিকে তিনি বলেন, আপনার সঙ্গে থাকতে পারা সম্মানের, আপনার বন্ধু হতে পারা সম্মানের। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক ‘আগের যে কোনো সময়ের চেয়ে ভালো’ হতে যাচ্ছে।

অন্যদিকে, উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, পুরো বিশ্ব আমাদের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। এক শতাব্দীতে দেখা যায়নি এমন পরিবর্তন এখন বিশ্বজুড়ে দ্রুত এগিয়ে চলছে ও আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির ও অশান্ত।

শি বলেন, বিশ্ব এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র কি থুসিডিডিস ফাঁদ এড়িয়ে সম্পর্কের নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারবে? আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বকে আরও স্থিতিশীলতা দিতে পারব?

চীনা প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, আমরা কি আমাদের বিশ্ব, দুই দেশের জনগণ ও মানবজাতির ভবিষ্যতের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব? তার ভাষায়, এগুলো ইতিহাস, বিশ্ব ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আমাদের সময়ের প্রশ্ন, যার উত্তর আপনাকে এবং আমাকে- দুই বড় দেশের নেতা হিসেবে দিতে হবে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন