নবদম্পতির কুস্তি, জয়ীকে করতে হবে না ঘরের কাজ!

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:১৯ পিএম

বিয়ের আসরে গান-বাজনা কিংবা নাচ হয়। বর-কনের আংটি বদল তো নিয়মিতই দেখা যায়। কিন্তু জমকালো বিয়ের মঞ্চকে যদি হঠাৎ কুস্তির রিং বানিয়ে ফেলা হয় কেমন লাগবে?

আর সেখানে যদি সংসারের খাটুনি ও ঘরকন্নার কাজ থেকে রেহাই পাওয়ার শর্তে খোদ বর-কনে কুস্তি লড়াইয়ে মেতে ওঠেন, তবে আজবই ঠেকবে। ঠিক এমন এক মজার ও অদ্ভুত ঘটনা ঘটেছে চীনে।

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তার কনে নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করেন। প্রথাগত কোনো পারফরম্যান্স বা খেলার পরিবর্তে অতিথিদের তাক লাগিয়ে দিয়ে মঞ্চের মাঝখানে তৈরি করা হয় আস্ত একটি কুস্তির রিং। শর্ত ছিল একটাই— যিনি কুস্তিতে জিতবেন, বিয়ের পর তাকে আর ঘরের কোনো কাজ করতে হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর-কনে অত্যন্ত নাটকীয়ভাবে রিংয়ে প্রবেশ করছেন এবং আমন্ত্রিত অতিথিরা উল্লাসে ফেটে পড়ে নিজেদের ফোনে সেই মুহূর্ত ধারণ করছেন।

শুধু বর-কনেই নন, তাদের রেসলার বন্ধুরাও এ রোমাঞ্চকর আয়োজনে যোগ দিয়ে নানা ধরনের চমৎকার কুস্তির কৌশল প্রদর্শন করেন।

বেশ কয়েক রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত রাউন্ডে বরকে কুপোকাত করে জয় ছিনিয়ে নেন কনে। রেফারি যখন কনেকে বিজয়ী ঘোষণা করে বরকে পরাজিত হিসেবে ঘরকন্নার সব কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন, তখন পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।

পরে বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চীনা গণমাধ্যমকে বলেন, পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল। নিরাপত্তার খাতিরে এতে শুধু প্রশিক্ষিত কুস্তিগিরেরাই অংশ নেন।

কুস্তিগির বর আরও বলেন, বিয়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি প্রথাগত বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ বাঁচাতেই তারা এই অভিনব বুদ্ধি খাটান। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যতিক্রমী বিয়ের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা নবদম্পতির এমন সৃজনশীলতা ও রসবোধের প্রশংসা করেছেন।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত