ইন্দোনেশিয়াকে ক্ষেপণাস্ত্র দেবে ভারত

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তোর আমন্ত্রণে ৬ জুলাই জাকার্তা সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ইন্দোনেশিয়া এখন ভারতীয় তৈরি সারফেস-টু-এয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘অস্ত্র’ আমদানি করবে। পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারতের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র 'ব্রহ্মোস' উৎপাদনের আগ্রহও দেখিয়েছে দেশটি।

চুক্তি অনুযায়ী, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইন্দোনেশিয়াকে প্রযুক্তিগত সহায়তা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরামর্শ দেবে ভারত।

ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ওই অভিযানে ক্ষেপণাস্ত্রটির গতি, নির্ভুলতা এবং উন্নত প্রযুক্তি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের নজরে আসে। এরপরই এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আগ্রহ দেখায় জাকার্তা।

ওই কর্মকর্তা আরও জানান, ইন্দোনেশিয়া নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ব্রহ্মোস উৎপাদনে যুক্ত হতে চায়। এ জন্য ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্রের ব্যাটারি, প্রযুক্তিগত সরঞ্জাম এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

প্রতিরক্ষা খাতের পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার ইস্পাত, নিকেল ও দুর্লভ খনিজ খাতে বিনিয়োগ করবে ভারত। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) উৎপাদনেও ভারতীয় বিনিয়োগ ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার কথা রয়েছে।

অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর একটি হয়েছে ইন্দোনেশিয়ার সাবাং বন্দরকে ঘিরে। মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত এই বন্দরটির কৌশলগত গুরুত্ব রয়েছে। ভারতের নিকোবর দ্বীপপুঞ্জে পরিকল্পিত বন্দর প্রকল্প থেকে সাবাং বন্দরের দূরত্ব প্রায় ১০০ মাইল।

‘থ্রি নেশন ডিপ্লোম্যাটিক ভিজিট’-এর অংশ হিসেবে ৬ জুলাই ইন্দোনেশিয়া সফরে যান নরেন্দ্র মোদি। ৮ জুলাই ইন্দোনেশিয়া সফর শেষে তার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে ভারত ও ইন্দোনেশিয়া নিজেদের কূটনৈতিক সম্পর্ককে ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করে। এরপর এটিই ইন্দোনেশিয়ায় মোদির প্রথম সফর।

সূত্র: ইকোনমিক টাইমস

NM/YA
আরও পড়ুন