ভারতের বিশিষ্ট পরিবেশকর্মী ও অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুকের অনশন ১৭ দিনে গড়িয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী ওয়াংচুক ২৮ জুন থেকে অনশন করছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিরোধী নেতারা তাকে অনশন শেষ করার আহ্বান জানিয়েছেন।
ওয়াংচুক ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-এর দাবির প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করছেন। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে চলা এই আন্দোলনের মূল দাবি হলো, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
আন্দোলনটি চলছে ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবনের কাছের যন্তর মন্তরে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে সরকারের বিরুদ্ধে বিরল প্রতিবাদগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
‘ককরোচ জনতা পার্টি (CJP) জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ওয়াংচুকের ওজন ৮.৫ কেজি কমে গেছে এবং তার স্বাস্থ্য আরও খারাপ হচ্ছে। দলের পক্ষ থেকে তাকে অনশন ভাঙার অনুরোধ করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
ওয়াংচুক জানিয়েছেন, প্রয়োজন হলে তার অনশন ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে, এমনকি জীবন ঝুঁকির মধ্যেও তিনি আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে ভারতের বিরোধী নেতারা তার জীবন রক্ষার জন্য অনশন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ওয়াংচুকের জীবন পুরো বিশ্বের জন্য মূল্যবান, কারণ তিনি মানবতা, পরিবেশ ও গণতন্ত্রের প্রতি গভীর অঙ্গীকারের প্রতীক।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ ভারতের তরুণদের মধ্যে এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলেছে। ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের গড়া CJP কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ২ কোটি ২০ লাখের বেশি অনুসারী পেয়েছে।
ভারতে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২৩ লাখ পরীক্ষার্থীর অংশ নেওয়া একটি মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছিল, যা পরে গত মাসে আবার অনুষ্ঠিত হয়।
নেসেট ভেঙে অক্টোবরে জাতীয় নির্বাচনের পথে ইসরায়েল
মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’, দাবি ট্রাম্পের
সস্তা ইরানি ড্রোনে দিশেহারা উপসাগর, টিকবে কি আকাশ প্রতিরক্ষা
বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কার শঙ্কা