বাংলাদেশ সীমান্তঘেঁষা সুন্দরবন এলাকায় প্রথমবারের মতো কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রায় ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্যতা ও কারিগরি সমীক্ষা শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতের গণমাধ্যম দ্য হিন্দু এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, বর্তমানে সুন্দরবনের এই সীমান্তে কোনো স্থায়ী বেড়া নেই। নদীবেষ্টিত সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ ভাসমান সীমান্ত চৌকি (ফ্লোটিং বর্ডার আউটপোস্ট) পরিচালনা করছে। পাশাপাশি ভবিষ্যতে জলপথে টহল কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনাও রয়েছে।
গত ১১ থেকে ১৪ জুলাই সুন্দরবন সফর করেন বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার। সফরকালে তিনি সীমান্তে বেড়া নির্মাণের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সুন্দরবনে আগে কখনও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তবে সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার কয়েকটি মাঝারি আকারের হোটেল ও পর্যটন লজের মালিকরাও আশঙ্কা জানিয়েছেন, প্রকল্পের কারণে তাদের স্থাপনা সরিয়ে নিতে হতে পারে। তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্তের প্রায় ৭১ কিলোমিটার অংশ সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্যের সঙ্গে সংযুক্ত। সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় ওই এলাকায় কোনো ধরনের স্থায়ী নির্মাণকাজের অনুমতি নেই।
এদিকে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সুন্দরবন অঞ্চলে অতিরিক্ত সার্চলাইট, নজরদারি ক্যামেরা এবং জলপথে টহল সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ইন্দোনেশিয়াকে ক্ষেপণাস্ত্র দেবে ভারত
বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর রাখছে ভারত
শান্তিতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ