পরিবারকে না জানিয়ে তেলাপোকা আন্দোলনে তরুণরা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র গণআন্দোলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও তরুণরা জড়ো হয়েছেন। সোমবার, ২০ জুলাই ২০২৬-এর ‘চলো সংসদ’ কর্মসূচির পর আন্দোলনস্থলে দেখা গেছে, অনেক শিক্ষার্থী পরিবারের বাধা এড়াতে কাউকে না জানিয়েই বাড়ি ছেড়ে দিল্লিতে এসেছেন।

আন্দোলনে অংশ নিতে মুম্বাই, প্রয়াগরাজসহ বিভিন্ন এলাকা থেকে আসা কিশোর-তরুণদের মধ্যে কয়েকজনের গল্প এখন আলোচনায় এসেছে। কেউ রাতভর ট্রেন বা বাসে ভ্রমণ করে দিল্লিতে পৌঁছেছেন, আবার কেউ পরিবারের আপত্তির আশঙ্কায় গোপনে বাড়ি ছেড়েছেন।

প্রয়াগরাজ থেকে আসা ১৫ বছর বয়সী রাজ চার দিন আগে পরিবারকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসে। আন্দোলনস্থলে সহবিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় তাকে। ঠান্ডা পানীয় বিতরণের সময় রাজ জানায়, সে কোনো ব্যাগ আনেনি, কারণ বাড়ি থেকে পালিয়ে এসেছে। পরিবার জানতে পারলে তাকে দিল্লিতে আসতে দিত না বলেও জানায় সে।

প্রয়াগরাজের আরেক তরুণী পরিচয় গোপন রাখতে মুখে মাস্ক ব্যবহার করছেন। তার দাবি, পরিবারের অনেক সদস্য ও গ্রামের মানুষ ক্ষমতাসীন বিজেপির সমর্থক। তাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হলে তারা বাধা দিতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।

মুম্বাই থেকে আসা এক কিশোরীও ট্রেনে করে দিল্লিতে এসে আন্দোলনে যোগ দিয়েছে। তার বাবা-মা পকেটমানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বাড়ি ফিরে যেতে বললেও সে জানিয়েছে, নিজের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে কাজ করে নিজের খরচ চালানোর কথাও জানিয়েছে সে।

আন্দোলনকারীরা বিপ্লবী ভগত সিং, বি আর আম্বেদকর, চন্দ্রশেখর আজাদ, সাবিত্রীবাই ফুলে ও জ্যোতিরাও ফুলের আদর্শ তুলে ধরে প্রতিবাদ করছেন। আন্দোলনস্থলে ভগত সিংয়ের ১৯২৯ সালের অনশন কর্মসূচির উল্লেখ থাকা একটি ব্যানারও নজর কেড়েছে।

সোমবার সংসদের দিকে মিছিলের সময় ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ কালো রঙের ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা টি-শার্ট পরে বিক্ষোভকারীদের সঙ্গে হাঁটেন। এ সময় হাজারো তরুণ একই স্লোগানে মুখর ছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ বছর বয়সী নিট পরীক্ষার্থী রোহিনী কুমারের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। যন্তর মন্তরের আন্দোলনস্থলে ছবি আঁকার জন্য পরিচিত রোহিনীকে ২০ জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানানো হয়েছিল। পরে আরেকটি পোস্টে জানানো হয়, তাকে খুঁজে পাওয়া গেছে।

অন্যদিকে, সিলামপুরের ৩৩ বছর বয়সী এক আন্দোলনকারীর বন্ধু রিজওয়ানের দাবি, প্রায় এক মাস ধরে অনশনে থাকা ওই ব্যক্তিকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ আটক করে নিয়ে যায়।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Attr/AHA
আরও পড়ুন