ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাজি নয় মোদি সরকার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে ভারত সরকারের উচ্চপর্যায়ের সূত্র। তাদের দাবি, পদত্যাগ করা দায়িত্ব এড়িয়ে যাওয়ার শামিল হবে এবং সরকার জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়ন করেই এগিয়ে যাবে।

শুক্রবার (২৪ জুলাই) সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। তাদের ভাষায়, পদত্যাগ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো সবচেয়ে সহজ পথ হতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটবে না।

সরকারি সূত্র আরও বলেছে, জনগণ তাদের সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব পালনেই তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই পদত্যাগ করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

সরকারের এই অবস্থান অনলাইন ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি গত এক মাস ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে।

ককরোচ জনতা পার্টির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে সরকারের সর্বশেষ অবস্থানের ফলে সেই দাবি আপাতত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

AS
আরও পড়ুন