পাকিস্তানি হানি ট্র্যাপে ফেঁসে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর নাবিক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

ভারতীয় প্রতিরক্ষা খাতের অত্যন্ত স্পর্শকাতর ও গোপন তথ্য পাকিস্তানি এক এজেন্টের হাতে তুলে দেওয়ার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তাকে আটক করা হয়। কর্তৃপক্ষ গ্রেপ্তার হওয়া নাবিকের পরিচয় নিশ্চিত করেছে। তাঁর নাম প্রদীপ মুখার্জি, বয়স ৩১ বছর।

প্রদীপ মুখার্জির বাড়ি পশ্চিমবঙ্গে। ২০১৪ সালে তিনি নৌবাহিনীতে যোগ দেন। বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমভিত্তিক পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডে কর্মরত ছিলেন।

একটি ব্যবস্থাপনা কোর্সে অংশ নিতে তিনি কোয়েম্বাটুরের আইএনএস অগ্রণী নেভাল লিডারশিপ ট্রেনিং সেন্টারে গিয়েছিলেন। শনিবার (০৩ অক্টোবর ) সেখান থেকেই কাউন্টার ইন্টেলিজেন্স দল তাঁকে আটক করে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক নারী এজেন্টের সঙ্গে প্রদীপের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তিনি ‘হানি ট্র্যাপে’ পড়েন। গত কয়েক মাস ধরে ওই নারীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল।

তদন্তে জানা গেছে, বিশাখাপত্তনম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজের গতিবিধি, কৌশলগত সম্পদ ও অভিযানসংক্রান্ত পদ্ধতির মতো অতি গোপন তথ্য ওই পাকিস্তানি এজেন্টকে দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল এই নাবিকের ডিজিটাল কার্যকলাপের ওপর নজর রাখছিল। ডিজিটাল চিহ্ন বা ‘ফুটপ্রিন্ট’ ঘেঁটে তারা প্রমাণ জোগাড় করে, যাতে দেখা যায় তিনি গোপন তথ্য পাচার করছিলেন।

কয়েক মাস আগে কোচিতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পাকিস্তানের আইএসআইয়ের ‘হানি ট্র্যাপে’ নৌবাহিনীর কর্মীর ধরা পড়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের মার্চে কেরালার কোচিতে দক্ষিণাঞ্চলীয় নৌ কমান্ডে কর্মরত ল্যান্স নায়েক আদর্শ কুমার (ডাকনাম লাকি) উত্তরপ্রদেশ এটিএসের হাতে গ্রেপ্তার হন। তদন্তে উঠে আসে, টাকার আশায় তিনিও যুদ্ধজাহাজের ছবি ও নৌবাহিনীর স্পর্শকাতর তথ্য আইএসআইয়ের এজেন্টদের কাছে পাঠিয়েছিলেন।

ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও সীমান্ত নিরাপত্তাকে লক্ষ্য করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ডিজিটাল মাধ্যমে গুপ্তচরবৃত্তি ও ‘হানি ট্র্যাপ’ চালাচ্ছে। এর বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এটিটিআর
আরও পড়ুন