খাদিজাতুল কুবরার জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতে খাদিজার পক্ষে ছিলেন আইনজীবী বিএম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।  

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউ মার্কেট থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।

একটি মামলার বাদী নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, অন্যটির বাদী কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। গত বছরের মে মাসে পুলিশ এ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়।

সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ।

MB
আরও পড়ুন