ভোট দেবেন না ইরফান সাজ্জাদ, জানালেন কারণ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

শোবিজ অঙ্গনের তারকারা কে কোথায় ভোট দিতে যাবেন এ নিয়েও দর্শক-ভক্তদের আগ্রহ তুঙ্গে। তারকারাও নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন। সব মিলিয়ে সারাদেশে এক উৎসবের আমেজ বইছে। ঠিক এসময় অভিনেতা ইরফান সাজ্জাদ জানালেন তিনি এবারও ভোট দিতে যাচ্ছেন না!

এ অভিনেতা চট্টগ্রাম-১০ আসনের ভোটার। বহু বছর আগে ভোটার হলেও এখন পর্যন্ত কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেননি তিনি। কারণ হিসেবে জানালেন এক তিক্ত অভিজ্ঞতার কথা।

ইরফান সাজ্জাদ বলেন, ‘ভোটার হওয়ার পর প্রথমবার খুব উৎসাহ নিয়ে ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিয়েছে। ঘটনাটা আমাকে ভীষণভাবে হতাশ করেছিল। এর পর থেকে আর কখনোই ভোট দিতে ইচ্ছে হয়নি।’

বর্তমানে রাজধানীতে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনাও নেই তার। অভিনেতা বলেন, ‘একটা প্রতীককে জিতিয়ে তো আমার ব্যক্তিগত কোনো লাভ নেই। আমি যে প্রতীককেই ভোট দিই, সেটা যে দলেরই হোক না কেন যদি সে নির্বাচিত হয়ে এলাকার জন্য কাজ না করে, আমাদের জন্য কাজ না করে তাহলে সেই ভোটের মূল্য কী? বিগত বছরগুলোতে তেমন কোনো পরিবর্তন দেখিনি।’

এদিকে নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে ইরফান বলেন, ‘আমাদের খুব বেশি চাওয়া নেই। চাই নতুন সরকার জনগণের সরকার হোক, আপামর জনসাধারণের হোক। জনগণের কাছাকাছি থাকুক, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করুক। ব্যস, এতটুকুই। অবশ্যই অনুরোধ করতে চাই, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’

যোগ করে অভিনেতা আরও বলেন, ‘চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণের মতো ঘটনাগুলোর কারণে রাস্তাঘাটে বের হতে ভয় পায় মানুষ। এক দিনেই হয়তো আইন-শৃংখলা বাহিনীগুলোর অনেক বেশি উন্নতি হয়ে যাবে না, কিন্তু এটলিস্ট এই বিষয়গুলোকে গুরুত্ব দিক।’

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত