বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে বিরল এক বিতর্কে এবার নতুন মোড় এনে দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে যখন ক্রিকেট অঙ্গন তোলপাড়, ঠিক তখনই ক্রিকেটারদের এই সংগঠন খোলামেলাভাবে তার পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের জোর দাবি তুলেছে।
ফ্রিল্যান্স সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের হাতে তিনি যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। শুধু তাই নয়, অভিযোগ জানানোর পরও বোর্ড কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর এই সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে বলা কথাগুলো মুহূর্তেই আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সেখান থেকে ক্রিকেট বোর্ডের টেবিল পর্যন্ত।
ঠিক এমন সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের স্বাক্ষরিত এক বিবৃতি জাহানারাকে নতুন শক্তি জুগিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন-এটি শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি আমাদের ক্রিকেট সমাজের জন্য এক বড় সতর্কবার্তা। জাহানারার প্রতিটি অভিযোগই গুরুতর এবং সেগুলো উপেক্ষা করার সুযোগ নেই।’
কোয়াব আরও জানায়, জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, ইনচার্জ বা কোচ যেই হোক না কেন-যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, ‘কোনো আড়াল, সময়ক্ষেপণ বা রাজনৈতিক প্রভাব যেন তদন্তে প্রভাব না ফেলে। দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে আর কোনো ক্রিকেটার এমন পরিস্থিতির মুখে না পড়ে।’
শুধু তদন্তের আহ্বান নয়, কোয়াবের বিবৃতিতে জোর দেওয়া হয়েছে নারী ক্রিকেটের কাঠামোগত সংস্কারের দিকেও। সংগঠনটি বলেছে, ‘জাতীয় পর্যায় থেকে জেলা পর্যন্ত নারী ক্রিকেটের প্রতিটি স্তরে নিরাপত্তা, গোপন অভিযোগ গ্রহণের ব্যবস্থা ও মনিটরিং জোরদার করতে হবে। জাহানারার পাশে আমরা কেবল সহানুভূতি নয়, বাস্তব সহায়তাও দিতে প্রস্তুত।’
এর আগে জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বোর্ড জানিয়েছে, তারা নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে নারী ক্রিকেটের দীর্ঘদিনের এই তারকা বলছেন, তিনি অতীতেও বোর্ডকে লিখিতভাবে অভিযোগ জানালেও কোনো ফল পাননি।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা ক্লাব ক্রিকেটে খেলছেন এবং কোচিং কোর্স করছেন।

