নিহত শিশুদের স্মরণে ইরানি ফুটবলারদের শোক প্রকাশ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

ইরানের মিনাবে স্কুলে বিমান হামলায় নিহতদের স্মরণে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কালো বাহুবন্ধনী পরে এবং স্কুলব্যাগ হাতে প্রতীকী শ্রদ্ধা জানিয়েছেন ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।

শুক্রবার (২৭ মার্চ) তুরস্কের বেলেকে অনুষ্ঠিত ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চলাকালে এই দৃশ্য দেখা যায়। গোলাপি ও বেগুনি ফিতা বাঁধা স্কুলব্যাগ হাতে দাঁড়িয়ে ছিলেন খেলোয়াড়রা, নিহত শিশুদের স্মৃতির প্রতীক হিসেবে।

দলে ছিলেন অভিজ্ঞ স্ট্রাইকার মেহদি তারেমিসহ শীর্ষ তারকারা। ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলে হারে ইরান।

ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় অন্তত ১৭০ জন নিহত হন, যাদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকও ছিলেন। একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে যুক্তরাষ্ট্রের ‘পরিকল্পিত ও ধাপে ধাপে পরিচালিত আক্রমণ’ বলে অভিযোগ করেছেন। অপরদিকে, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রাথমিক তদন্তে লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি স্কুল ভবনে আঘাত হানতে পারে। পাশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছিল বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমদিকে ইরানকেই দায়ী করার ইঙ্গিত দিলেও দেশটির কাছে টমাহক ক্ষেপণাস্ত্র না থাকায় সেই দাবি প্রশ্নের মুখে পড়ে।

এর মধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। তবে নিরাপত্তা শঙ্কা তুলে যুক্তরাষ্ট্রের পরিবর্তে ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানিয়েছে দেশটি, বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তার পর। সূত্র:আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন