হামজাকে নিয়েই নেপাল-ভারত মিশনের বাংলাদেশ দল ঘোষণা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

অবশেষে ঘোষণা হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াড। চলতি মাসের আন্তর্জাতিক উইন্ডোতে নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার রাতে ২৬ সদস্যের দল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে যথারীতি আছেন আলোচনার কেন্দ্রবিন্দু হামজা চৌধুরী ও শমিত শোম, যদিও দুজনকেই যোগ দিতে হবে পরে।  

জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল ৩০ অক্টোবর, তবে দল ঘোষণায় দেরি হওয়ায় তৈরি হয় নানা জল্পনা। প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তখন ছিলেন স্পেনে। অবশেষে বাফুফে আনুষ্ঠানিকভাবে জানাল ২৬ সদস্যের নাম। 

এই দলে জায়গা পেয়েছেন আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেন, যাকে শুরুতে অনুশীলন ক্যাম্পের বাইরে ভাবা হচ্ছিল। বাদ পড়েছেন হংকংয়ের বিপক্ষে খেলা তিনজন ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা ও মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। ফাহামিদুল আসলে নিষিদ্ধ; দুটি হলুদ কার্ড দেখায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে পারবেন না তিনি।  

এদিকে শাকিল হোসেন ও পাপ্পুর ফিরে আসা দলের গভীরতা কিছুটা বাড়িয়েছে। ক্যাবরেরা এখন পর্যন্ত ১৫ ফুটবলারকে নিয়ে অনুশীলন করাচ্ছেন। বসুন্ধরা কিংসের ১০ জন খেলোয়াড় যোগ দেবেন ৭ নভেম্বর, আর বিদেশফেরত হামজা ও শমিত আসবেন যথাক্রমে ১০ ও ১২ নভেম্বর।  

বাংলাদেশ দল এবার মুখোমুখি হবে দুটি ভিন্ন চ্যালেঞ্জের ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, রাত ৮টায়।  

বাছাইপর্বের আগের চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবু ভারতের বিপক্ষে ম্যাচটি মর্যাদার লড়াই বিশেষ করে মার্চে গোয়ায় গোলশূন্য ড্রয়ের পর আত্মবিশ্বাসটা আবার ফিরিয়ে আনার সুযোগ এটি। সেই ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছিল ইংলিশ-বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর।  

বাংলাদেশ দলের ২৬ জনের তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবন। ডিফেন্সে থাকছেন তারিক কাজি, রহমত মিয়া, তপু বর্মন, শাকিল আহমেদ তপু, সাদ উদ্দিনদের মতো অভিজ্ঞ মুখ। মাঝমাঠে আছেন জামাল ভূঁইয়া, হামজা, মোরসালিন ও শমিত; আর আক্রমণে থাকছেন রাকিব, ফয়সাল ফাহিম ও শাহরিয়ার ইমন।  

বাংলাদেশ দল 

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবন।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজি, রহমত মিয়া, শাকিল আহমেদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজউদ্দিন ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার: শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা. মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী ও শমিত শোম।
ফরোয়ার্ড: আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

আরও পড়ুন