নির্বাচন কমিশন (ইসি) তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার পাশাপাশি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির যে ভূমিকা রাখার কথা ছিল, তারা তা রাখছে না; বরং একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। পুলিশ প্রশাসনও একই পথে হাঁটছে।’
সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ‘মিডিয়াও এর বাইরে নয়। তারা নগ্নভাবে একটি নির্দিষ্ট দলকে সমর্থন দিচ্ছে এবং সংবাদমাধ্যমের উচ্চপদস্থ পদগুলো একটি দলের দখলে চলে গেছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মনিরা শারমিন অভিযোগ করেন, ‘তারেক রহমান জনসভায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন। এর পরপরই বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক ব্যাংকগুলোর কাছে এই সংক্রান্ত তথ্য চেয়েছেন। সেই পরিচালকের ব্যক্তিগত চাহিদাপত্রেই এই তথ্য চাওয়া হয়েছে, যা সরাসরি নির্বাচনি আচরণবিধির পরিপন্থি। একটি বিশেষ দলকে সহযোগিতা করতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এভাবে ব্যবহার করা হচ্ছে।’
এনসিপির এই নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ পার পাবে না। এনসিপি এবং ১১ দলীয় জোট বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন করব। আপাতত নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি
