মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খেয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনের লিভার প্রতিস্থাপন করতে হয়েছে। বৃষ্টির পর রাজ্যের বিভিন্ন এলাকায় এই মাশরুমের বিস্তার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মাশরুম সংগ্রহ ও খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৮ নভেম্বরের পর থেকে ডেথ ক্যাপ মাশরুমে বিষক্রিয়ার তিন ডজনের বেশি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন মারা গেছেন এবং তিনজনের লিভার সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় প্রতিস্থাপন প্রয়োজন হয়েছে। আক্রান্তদের অনেকের ক্ষেত্রেই দ্রুতগতিতে তীব্র লিভার ক্ষতি ও লিভার ফেলিওর দেখা গেছে। কয়েকজনকে আইসিইউতে ভর্তি করতে হয়। আক্রান্তদের বয়স ছিল ১৯ মাস থেকে ৬৭ বছর পর্যন্ত।
বিশেষজ্ঞদের মতে, ডেথ ক্যাপ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাশরুমগুলোর একটি। এতে থাকা অ্যামাটক্সিন নামের শক্তিশালী বিষ বিশ্বজুড়ে প্রায় ৯০ শতাংশ মারাত্মক মাশরুম বিষক্রিয়ার জন্য দায়ী। এই মাশরুম শহরের পার্ক, বনাঞ্চল ও বিশেষ করে ওক গাছের নিচে জন্মায়।
সাধারণ বছরে ক্যালিফোর্নিয়ায় ডেথ ক্যাপ বিষক্রিয়ার ঘটনা থাকে দুই থেকে পাঁচটির মধ্যে। তবে এ বছর প্রায় ৪০টি ঘটনা ঘটেছে, যা অত্যন্ত অস্বাভাবিক বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া পয়জন কন্ট্রোল সিস্টেমের সান ফ্রান্সিসকো বিভাগের মেডিকেল ডিরেক্টর ড. ক্রেগ স্মলিন।
এই মাশরুমের অল্প পরিমাণ খেলেও প্রাণঘাতী হতে পারে। রং দেখে বিষাক্ততা বোঝা যায় না এবং কাঁচা, শুকনো বা রান্না- যে অবস্থাতেই খাওয়া হোক না কেন, বিষক্রিয়ার ঝুঁকি একই থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, বিষাক্ত মাশরুম খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পেটব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে উপসর্গ সাময়িকভাবে কমে গেলেও দুই থেকে তিন দিনের মধ্যে মারাত্মক লিভার ক্ষতি দেখা দিতে পারে।
ডেথ ক্যাপ মাশরুম উত্তর ক্যালিফোর্নিয়া ও সেন্ট্রাল কোস্টের বিভিন্ন স্থানীয় ও জাতীয় উদ্যানে পাওয়া গেছে। বিশেষ করে মনটেরি ও সান ফ্রান্সিসকো বে এলাকায় এর বিস্তার বেশি। আক্রান্তদের মধ্যে স্প্যানিশ, মিক্সটেকো ও মান্দারিন ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি হওয়ায় বিভিন্ন ভাষায় সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে কর্তৃপক্ষ শিশু ও পোষা প্রাণীদের ব্যাপারে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বনে জন্মানো মাশরুম না খেয়ে বিশ্বস্ত দোকান থেকে কেনা মাশরুম ব্যবহারের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কেউ যদি ভুলবশত বিষাক্ত মাশরুম খেয়ে ফেলে বা এমন সন্দেহ হয়, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: সিএনএন
মালয়েশিয়ায় ক্রেনের নিচে পড়ে বাংলাদেশি নিহত
