ময়মনসিংহে ৫৮৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তথ্যমতে, জেলার মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় ৪৩ শতাংশ। বাকি ৭৮২টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ে ভোটারদের মধ্যে যেমন চুলচেরা বিশ্লেষণ চলছে, তেমনি ভোটগ্রহণের দিন কেন্দ্রের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন সাধারণ মানুষ। ভোটারদের প্রত্যাশা—সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক।

প্রশাসন সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ত্রিশাল ও ভালুকা উপজেলায়—উভয় উপজেলায় ৭২টি করে। ময়মনসিংহ সদরে ৬৫টি এবং পাগলা থানায় ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এছাড়া ফুলবাড়িয়ায় ৫০টি, ঈশ্বরগঞ্জে ৪৭টি, নান্দাইলে ৪৩টি ও গৌরীপুরে ৪২টি কেন্দ্র বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

অন্যদিকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে রয়েছে—হালুয়াঘাটে ২০টি, ধোবাউড়ায় ২৫টি, ফুলপুরে ১৯টি, তারাকান্দায় ২৯টি, মুক্তাগাছায় ১৯টি এবং গফরগাঁওয়ে ২২টি কেন্দ্র।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মোট ভোটার ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ ৬ হাজার ৮৯২ জন, নারী ভোটার ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন এবং হিজড়া ভোটার ৪১ জন।

আসনভিত্তিক প্রার্থীর সংখ্যায় দেখা যায়—ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৭ জন করে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ৫ জন করে, ময়মনসিংহ-৪ (সদর) ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ৯ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ভোটাররা জানান, জেলার অধিকাংশ আসনেই বিএনপি, বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জামায়াত-সমর্থিত জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। ১১টি আসনের মধ্যে ৯টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন, যা নির্বাচনী পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

এ বিষয়ে ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা দমন করবে। কোনো অবস্থাতেই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না।

HN
আরও পড়ুন