হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। তারা তিনজন আপন সহোদর। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া, আসাদুল। যাবজ্জীনপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের চর ভোলামরির হযরত আরীর ছেলে শফিকুল ইসলাম সবির সঙ্গে অভিযুক্তদের জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের একটি কাপড়ের দোকানে বসেছিলেন সবি। এসময় অভিযুযুক্তরা অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে হত্যা করে সবিকে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলায় তদন্ত, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় দেন। তবে মৃত্যুদন্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে এ.কে.এম. আমানউল্লাহ বাদল মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন
সর্বশেষপঠিত