রক বিশ্বে শোকের ছায়া

চিরবিদায় নিলেন ‘থ্রি ডোরস ডাউন’ খ্যাত ব্র্যাড আর্নল্ড

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

ক্যানসারের সঙ্গে এক বছরের দীর্ঘ ও অসম লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’ এর প্রাণভোমরা ব্র্যাড আর্নল্ড। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪৭ বছর বয়সী এই গ্র্যামি-মনোনীত গায়ক। ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্টেজ-৪ কিডনি ক্যানসারে ভুগছিলেন আর্নল্ড। মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী ও পরিবারের সদস্যরা।

২০২৫ সালের মে মাসে ব্র্যাড প্রথম প্রকাশ্যে জানান যে, তিনি ‘ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা’ (কিডনি ক্যানসার)-এ আক্রান্ত। পরবর্তী সময়ে ক্যানসার তার ফুসফুসেও ছড়িয়ে পড়ে। সেই কঠিন সময়েও তিনি ছিলেন অকুতোভয়। ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমি ভয় পাই না। সুযোগ পেলেই আমার জন্য প্রার্থনা করবেন।” অসুস্থতার কারণে ব্যান্ডটির নির্ধারিত কনসার্ট ট্যুরও বাতিল করতে হয়েছিল।

১৯৯৬ সালে মিসিসিপিতে ব্র্যাড আর্নল্ডের হাত ধরেই যাত্রা শুরু করে ‘থ্রি ডোরস ডাউন’। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, ভোকালিস্ট এবং ড্রামার—তিনটি ভূমিকাতেই তিনি ছিলেন অনন্য। তাদের প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ বিশ্বজুড়ে ৬ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল।

তার কণ্ঠে ‘ক্রিপ্টোনাইট’, ‘হেয়ার উইথাউট ইউ’, ‘হোয়েন আই এম গন’ এবং ‘লুজার’-এর মতো গানগুলো একটি পুরো প্রজন্মের কাছে আবেগের নাম। এখন পর্যন্ত ব্যান্ডটির ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড। ব্র্যাড আর্নল্ডের প্রস্থান রক সংগীতের ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

DR/SN
আরও পড়ুন