বিপুল টাকাসহ জেলা জামায়াত আমির আটকের ঘটনা সাজানো নাটক: জামায়াত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্ধকোটি টাকাসহ আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানো নাটক বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের দাবি করেন, এ ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ঠাকুরগাঁও জামায়াতের আমির একজন ব্যবসায়ী। ‘এয়ারপোর্টের মতো একটি নিরাপদ জায়গায় এ ধরনের ঘটনা ঘটার বিষয়টি সন্দেহজনক। এটি আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক,’ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামিকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে এবং জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে না পারে, সে ধরনের চক্রান্ত চলছে। তার দাবি, আগের দিন দলের আমিরের নির্বাচনি আসনে একটি বুথ ভাঙচুর করা হয়েছে। এছাড়া সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া ও হামলার অভিযোগও তোলেন এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটি অংশ একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে।’

NB/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত