জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, শিল্পকারখানা রক্ষা এবং মালিক ও শ্রমিকদের প্রতি সুনির্দিষ্টভাবে আহ্বান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনসিপি সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তি ।

এতে উপস্থিত থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।

জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋয়াজ মোর্শেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে মিরপুর-১১ ও ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে আন্দোলনের মধ্যে নাশকতা ও ভাঙচুর ঠেকানোর কথা বলে মিরপুর-১১ এলাকায় অবস্থান নিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

এএইচএ
আরও পড়ুন