ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি এই আহ্বান জানান।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, “আমি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। ভোটারদের প্রতি আমার আহ্বান—সব ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে আসুন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। বিশেষ করে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করুন।”
এ সময় তিনি সেনাবাহিনী, প্রশাসন ও গণমাধ্যমের প্রতি নির্বাচনের শেষ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানান।
এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমরা সরকার গঠনের লক্ষ্যেই এই জোটে অংশ নিয়েছি। আমাদের বিশ্বাস, ১১ দলীয় জোট আজ সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।”
নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “দেশের মানুষ যদি মনে করে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ফলাফল যাই হোক না কেন—আমরা তা সানন্দে মেনে নেব।”
বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই আসনে নাহিদ ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নাহিদ ইসলাম বর্তমানে দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি হিসেবে পরিচিত। তার এই ভোট প্রদান এবং ১১ দলীয় জোটের অংশগ্রহণ নির্বাচনের মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে: ইইউ প্রধান
ভোট দিলেন জামায়াত আমির
