শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে: ইইউ প্রধান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট পর্যবেক্ষণে মাঠে রয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ শেষে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের প্রধানরা সন্তোষ প্রকাশ করেছেন।

কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেন, “দেশজুড়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি আশা করছি, পুরো বাংলাদেশে দিনভর এভাবেই উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে।”

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ দিন। আমরা দেখেছি সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইইউ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে।”

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী:

মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। (পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩২ জন)।

ভোটকেন্দ্র ও কক্ষ: ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।

অংশগ্রহণকারী দল ও প্রার্থী: নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন; এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে আজ ৩০০টির পরিবর্তে ২৯৯টি আসনে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে গণভোট প্রক্রিয়া সারা দেশেই চলমান রয়েছে।

ভোর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নতুন ভোটার এবং নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

DR/AHA
আরও পড়ুন