‘নির্বাচন নিরপেক্ষ ও বিতর্কহীন হলে ফল মেনে নেবে বিএনপি’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু এবং সম্পূর্ণ বিতর্কহীনভাবে সম্পন্ন হয়, তবে তার ফল মেনে নিতে দলটির কোনো আপত্তি থাকবে না। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘আমরা চাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যদি নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়, তবে আমরা জনরায় মেনে নেব। কিন্তু ভোট নিয়ে কোনো ধরনের কারচুপি, বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

নির্বাচনি পরিবেশ নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, ‘গতকাল থেকেই দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা চাই না ভোটের এই সুন্দর পরিবেশে কোনো বিঘ্ন ঘটুক।’

তিনি আশা প্রকাশ করেন যে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে দায়িত্ব পালন করবে।

নির্বাচনের ফলের বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী উল্লেখ করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

ভোটের ফল প্রকাশে বিলম্ব হওয়ার কোনো অবকাশ নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘মানুষ চায় তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে। প্রযুক্তি ও ব্যবস্থাপনার এই সময়ে ফল কেন দেরি হবে? আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে সঠিক ফল প্রকাশে সচেষ্ট থাকবে।’

পরিশেষে তিনি মন্তব্য করেন, জনগণ যদি ভয়ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারে, তবেই দেশে প্রকৃত গণতন্ত্রের নতুন পথচলা শুরু হবে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত