রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করছে ইসরায়েল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

আসন্ন পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এই আশঙ্কার কথা নিশ্চিত করেছেন।

এক সাক্ষাৎকারে শেখ একরিমা সাবরি বলেন, “বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, দখলদার শক্তি রমজান মাসে আল-আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এই বাধা প্রয়োগে তারা কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না।” ইসরায়েলের এই উদ্যোগকে অত্যন্ত 'দুঃখজনক' বলে অভিহিত করেন তিনি।

একই বিষয়ে ইসরায়েলি দৈনিক 'হারেৎজ' তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রমজানে আল-আকসায় প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। মূলত ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভিরের নির্দেশনায় এই পরিকল্পনা সাজানো হয়েছে।

প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, জানুয়ারি মাসে পূর্ব জেরুজালেম শাখার পুলিশ কমান্ডারের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আভশালোম পেলেডকে সাথে নিয়ে বেন-গিভির এই বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন।

হারেৎজের প্রতিবেদনে বেন-গিভিরের কঠোর অবস্থানের সমালোচনা করে বলা হয়, “জাতীয় নিরাপত্তামন্ত্রীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তিনি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে বা আগুন জ্বালাতেই সচেষ্ট রয়েছেন।” রমজান মাসে মুসলিমদের ধর্মীয় আবেগের কেন্দ্রবিন্দু আল-আকসায় এমন বিধিনিষেধ নতুন করে উত্তজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন