জুলাই সনদে এনসিপি’র স্বাক্ষর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ‘জুলাই জাতীয় সনদে’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন দলটির শীর্ষ নেতারা।

এনসিপির পক্ষে সনদে স্বাক্ষর করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে তাদের স্বাক্ষরের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এই দলিল যেন নতুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে প্রতিটি পদে আমাদের সচেতন রাখে।’ তিনি আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একইসঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নে- এই দুই ক্ষেত্রে শপথ নিতে যাচ্ছি। দেশের মানুষের আস্থা আমরা পূরণ করবই।’ 

তিনি আরও যোগ করেন, এনসিপি সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ ও এর চেতনা বাস্তবায়নে শুরু থেকেই সর্বোচ্চ তৎপর ছিল।

অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যসমূহকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি করা হয়েছে, যাতে দেশের প্রধান রাজনৈতিক পক্ষগুলো ঐকমত্য পোষণ করছে।

FJ
আরও পড়ুন