ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে সংসদ ভবনের ৬ নম্বর গেইট দিয়ে প্রবেশ করেন। এর আগে সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।
২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর এই প্রথম বিএনপির সংসদ সদস্যরা বড় পরিসরে সংসদ ভবনে প্রবেশ করলেন। সকাল ৯টা থেকেই নবনির্বাচিত এমপিদের গাড়িবহর সংসদ এলাকায় প্রবেশ করতে শুরু করে। সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে শুরুতেই বিএনপির সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে কড়া তল্লাশির পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে পুরো এলাকায়।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আজ বিকেলেই দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সংসদে প্রবেশ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হলো।
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন
