প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন চার সদস্যকে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
মন্ত্রিপরিষদ সূত্র শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের দায়িত্ব বণ্টনের পাশাপাশি বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আনার সম্ভাবনাও রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। তিনি জানান, অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা