শপথের আগে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা চেয়ে চিঠি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সম্ভাব্য ৫০ জন সদস্যকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রিসভার সম্ভাব্য ৫০ জন সদস্যের যথাযথ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টিকে 'সর্বোচ্চ অগ্রাধিকার' দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রস্তুতির সুবিধার্থে ৫০ জন মন্ত্রী ধরে নিয়ে যাবতীয় নিরাপত্তা ও যাতায়াতের পরিকল্পনা করা হয়েছে। যদিও হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত তালিকায় সদস্য সংখ্যা এর চেয়ে কিছুটা কম হতে পারে, তবে সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়েই নতুন সরকার যাত্রা শুরু করতে পারে—এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

চিঠির অনুলিপি ইতোমধ্যে পুলিশের আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার এবং ডিএমপির উপকমিশনারকে (প্রতিরক্ষা) পাঠানো হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য মন্ত্রীদের প্রটোকল নিশ্চিত করতে কাজ শুরু করেছে পুলিশ।

আজ বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে এই নতুন মন্ত্রিসভা।

DR
আরও পড়ুন