দেশে ভয়মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে যা যা করা দরকার, তার সবই করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি নিজে দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে অতিবাহিত করেছি। আমি জানি, ভয়ভীতির মধ্যে বসবাস করলে মানুষের মানসিক যন্ত্রণা কেমন হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো একটি সংবেদনশীল পেশায় যারা কাজ করেন, তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়, তবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর রাষ্ট্র সংস্কারের পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা সেই পরিকল্পনার আলোকেই বাংলাদেশে একটি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশাআল্লাহ।’
তথ্যপ্রযুক্তির অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে গুজব একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, অন্যদিকে কিছু নতুন জটিলতাও তৈরি হয়েছে। তবে মনে রাখতে হবে, প্রযুক্তির সমস্যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে। আমরা তথ্যকে নির্ভেজাল ও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।’
উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করে। এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। জহির উদ্দিন স্বপন নতুন এই মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। শপথের পর আজ বুধবার তিনি প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে অফিস শুরু করেন।
শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
