অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি নতুন একটি ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Wada)-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি!’
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদের সমাপ্তি ঘটে। এর পরপরই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজটিও বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সমাপ্ত হওয়ার পর শফিকুল আলম পেশাদার সাংবাদিকতায় ফিরে গিয়ে এই নতুন দায়িত্ব নিলেন।
তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: শফিকুল আলম
