রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমজাদের ছেলে সাকিব জানান, ভোরবেলা তার বাবা অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। আজিমপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি রাস্তার মাঝখানে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দীর্ঘ আড়াই ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকাল সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আমজাদ হোসেন ঢাকার দোহার উপজেলার জৈনকি এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট লালবাগ থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছে।

NB
আরও পড়ুন