নবনিযুক্ত কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ বলেছেন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বর্তমার গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতার ও সমৃদ্ধির বাংলাদেশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় মন্ত্রী তার ব্যক্তিগত সততা ও ত্যাগের কথা উল্লেখ করে বলেন, ‘আমি সরকারি কোনো বেতন-ভাতা গ্রহণ করি না। এমনকি সরকারি গাড়ি বা তেলের খরচও নিই না। ভবিষ্যতেও আমি ব্যক্তিগত খরচেই দায়িত্ব পালন করব। আমার লক্ষ্য কেবল মানুষের সেবা করা।’
কৃষিতে কুমিল্লার ঐতিহ্যের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘ড. আখতার হামিদ খানের উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আজও বিশ্বজুড়ে সমাদৃত। আমি নিজেও একজন কৃষক, আমি জানি কীভাবে ধান ফলাতে হয়। তাই কুমিল্লাসহ সারাদেশের কৃষি উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।’
তিনি আরও জানান, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনিই স্থাপন করেছিলেন এবং বর্তমানে এই অঞ্চলে যে শিল্প বিপ্লব হয়েছে, তার গতি আরও বাড়ানো হবে।
কুমিল্লার গণমানুষের দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে আমিন উর রশীদ বলেন, ‘কুমিল্লাকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়ন করতে আমি মন্ত্রী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করব।’
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আপনারা ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সহযোগিতা করলে আমি আমার বিভাগগুলোতে আরও স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে পারব।’
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়ায় যে বার্তা দিলেন রুমিন ফারহানা
সর্বস্তরে বাংলা চালুর উদ্যোগ বাড়ানো প্রয়োজন: ঢাবি উপাচার্য
