উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু নারী ও শিশুকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে হামলাটি শুরু হয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চলে। জামফারা রাজ্যের বুক্কুয়ুম এলাকার টুঙ্গান দুৎসে গ্রামে মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেন এবং বাসিন্দাদের তুলে নিয়ে যান।
বুক্কুয়ুম দক্ষিণ এলাকার আইনপ্রণেতা হামিসু এ. ফারু বলেন, হামলাকারীরা একের পর এক গ্রামে আক্রমণ চালিয়েছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, অপহৃত ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। নিখোঁজদের তালিকা তৈরির কাজ চলছে।
হামলার আগেই বিপদের আভাস মিলেছিল বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি বলেন, হামলার এক দিন আগে ১৫০টির বেশি মোটরসাইকেলে সশস্ত্র লোকজনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তখন নিরাপত্তা বাহিনীকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হামলায় তার পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি অস্থির। সশস্ত্র অপরাধী চক্র ও বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিম নাইজার রাজ্যের বর্গু এলাকায় হামলায় অন্তত ৪৬ জন নিহত হন। কনকোসো গ্রামে সবচেয়ে ভয়াবহ হামলায় অন্তত ৩৮ জনকে গুলি করে বা গলা কেটে হত্যা করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।
এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ছে। সম্প্রতি নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন।
গত ২৫ ডিসেম্বর উত্তরাঞ্চলীয় সোকোতো রাজ্যে নাইজেরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। চলতি সপ্তাহে নাইজেরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে ১০০ জন মার্কিন সেনা দেশটিতে পৌঁছেছেন।
নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র সামাইলা উবা বলেন, এসব মার্কিন সেনা সরাসরি যুদ্ধে অংশ নেবেন না। তারা প্রযুক্তিগত সহায়তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জামের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন দমনে সহায়তা করবেন। সব কার্যক্রমই থাকবে নাইজেরীয় সামরিক কমান্ডের অধীনে।
সৌদিতে রমজানে স্কুল খোলা থাকছে কতদিন?
ট্রাম্পের নতুন শুল্ক যেসব দেশের ওপর কার্যকর হবে
