৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমার নির্দেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৫তম ব্যাচে বিভিন্ন ক্যাডার পদে মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে ক্যাডার পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে যারা মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের সনদ যাচাই করা হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত ছক পূরণ করে প্রয়োজনীয় সনদ ও রেকর্ডপত্রের সত্যায়িত কপি আগামী ২ মার্চের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রকাশিত সেই ফলাফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়। এখন চূড়ান্ত নিয়োগের আগে তাদের তথ্যাদি যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এই নথি তলব করল সরকার।

FJ
আরও পড়ুন