নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আলী হোসেন ফকির। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তার কর্মজীবন ছিল বেশ চড়াই-উতরাইপূর্ণ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৯৯৭ সালে তাঁকে একবার বরখাস্ত করা হয়েছিল। পরে বিএনপি সরকারের আমলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। তবে ২০২২ সালে শেখ হাসিনা সরকার তাঁকে আবারও বাধ্যতামূলক অবসরে পাঠায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি পুনরায় চাকরি ফিরে পান এবং ধাপে ধাপে পদোন্নতি পেয়ে আজ বাহিনীর শীর্ষ পদে আসীন হলেন।
বাগেরহাটের সন্তান আলী হোসেন ফকির কর্মজীবনে ডিএমপির উত্তরা জোনের ডিসিসহ একাধিক জেলার এসপি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ মিশনেও তাঁর অসামান্য অবদান রয়েছে। দীর্ঘ বঞ্চনার পর আইজিপি হিসেবে তাঁর নিয়োগকে পুলিশ বাহিনীর জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত আইজিপিকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
