ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে ইরানের চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৮ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও যোগ করেছে, ‘মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন বাংলাদেশ, একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।

AHA
আরও পড়ুন