জয়পুরহাটে ধর্ষণচেষ্টা

সম্ভ্রম বাঁচাতে ধর্ষকের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ এএম

জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় নিজের সম্ভ্রম বাঁচাতে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন এক নারী। আত্মরক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে অভিযুক্ত ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তিনি। 

রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। রোববার সন্ধ্যায় ওই গৃহবধূ নিজের ঘরে একা ছিলেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ঘরে প্রবেশ করে পেছন থেকে ওই নারীকে জড়িয়ে ধরেন এবং কুপ্রস্তাব দেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে নিজের সম্ভ্রম রক্ষার্থে ওই নারী হাতের কাছে থাকা একটি ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন। এতে অভিযুক্তের পুরুষাঙ্গের একাংশ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

গৃহবধূর স্বামী অভিযোগ করে জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ দিন ধরেই তাঁর স্ত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তিনি এই অপকর্ম করার সাহস পান। পরিস্থিতি বেগতিক দেখে নিজের সম্মান বাঁচাতে তাঁর স্ত্রী এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনে তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেন। তবে পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। তিনি বর্তমানে আত্মগোপনে বা চিকিৎসাধীন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

DR
আরও পড়ুন