নেপালের সাধারণ নির্বাচন আজ

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম

জেন-জি তরুণদের প্রবল গণআন্দোলনের মুখে কেপি শর্মা অলির সরকার পতনের ঠিক ছয় মাস পর, আজ বৃহস্পতিবার (৫ মার্চ) নেপালে অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন। হিমালয়কন্যার ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদের এই নির্বাচনকে দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ এবং রাজনৈতিক পটপরিবর্তনের চূড়ান্ত পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গত বছরের সেপ্টেম্বর মাসে জেন-জি প্রজন্মের নেতৃত্বে নেপালে অভূতপূর্ব বিক্ষোভ শুরু হয়। সেই সহিংস আন্দোলনে ৭৭ জনের প্রাণহানি ঘটে এবং শেষ পর্যন্ত কেপি শর্মা অলির পতন হয়। এরপর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংসদ ভেঙে দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেন। আজকের এই নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয় র‌্যাপার বলেন্দ্র শাহ (ব্যালেন)। দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিত ৩৫ বছর বয়সী এই নেতা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিরুদ্ধে ঝাপা-৫ আসনে লড়ছেন। অন্যদিকে, চারবারের প্রধানমন্ত্রী অলি আবারও ক্ষমতায় ফিরতে মরিয়া হলেও তরুণ ভোটারদের অনাস্থা তার জন্য বড় চ্যালেঞ্জ।

নেপালি কংগ্রেসের সংস্কারপন্থী নেতা গগন থাপাকে অনেকেই হবু প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। এছাড়াও সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচণ্ড বরাবরের মতোই নির্বাচনের অন্যতম প্রভাবশালী চরিত্র হিসেবে টিকে আছেন।

ভোটের লড়াইয়ে এবার বড় হয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং বেকারত্ব। প্রায় ১ কোটি ৮৯ লাখ ভোটারের মধ্যে ১০ লাখই নতুন জেন-জি ভোটার, যারা নেতৃত্বে আমূল পরিবর্তনের দাবি তুলছেন। পাশাপাশি নতুন সরকারকে ভারত ও চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ব্যালট বাক্স সংগ্রহের পরপরই গণনা শুরু হওয়ার কথা রয়েছে। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে নেপাল কি পুরোনো নেতৃত্বেই আস্থা রাখবে, নাকি জেন-জি বিপ্লবের হাত ধরে নতুন কোনো শক্তির উদয় হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত