প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে দেশ গড়ার নতুন রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের ১৭ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং তার সরকারের মূল লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা। এভাবে একটি ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের পর সংসদে নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে কোনো রাজনৈতিক বিরোধ থাকতে পারে না। এটি আমাদের জাতীয় লক্ষ্য। আমি চাই দেশের প্রতিটি পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রতিটি পরিবার স্বনির্ভর হলেই দেশ স্বনির্ভর হবে।’

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ এ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনোই আপস করেননি।’ একইসঙ্গে তিনি আধুনিক বাংলাদেশের রূপকার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, তার সরকার কেবল একটি দলের নয়, বরং পুরো জাতির উন্নয়নের জন্য কাজ করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সংসদকে কার্যকর করার ওপর জোর দেন তিনি।

NB
আরও পড়ুন