ঈদের ছুটির শেষ দিনে রাজধানীসহ সারাদেশে গরম বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে একই সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৩ মার্চ) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্ত এলাকার কিছু কিছু জায়গায় আজ দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এই তিন বিভাগের প্রায় ২৫ শতাংশ এলাকায় বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশজুড়ে গরমের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে জনজীবনে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে।
বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মূলত এর প্রভাবেই দেশের সীমান্ত এলাকায় মেঘের সঞ্চার ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে (৩৩.২ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে (১৬.২ ডিগ্রি সেলসিয়াস)। এ সময়ে সিলেটে ৮ মিলিমিটার এবং দিনাজপুরে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
