কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:০৯ এএম

দীর্ঘ এক যুগ পর পূর্ণাঙ্গ সামরিক আভিজাত্য আর ঐতিহ্যের মিশেলে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজধানী ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় তারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে বর্ণিল আয়োজনে তাদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এস এম আসাদুল হকের সঙ্গে একটি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরিদর্শন শেষে তিনি অভিবাদন মঞ্চে ফিরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর আসনে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০০৭ সালের পর দীর্ঘ ১৮ বছর ধরে ২৬ মার্চের এই প্রথাগত কুচকাওয়াজ বন্ধ ছিল। বর্তমান সরকারের সিদ্ধান্তে আবারও এই উৎসবমুখর আয়োজন ফিরে আসায় প্যারেড গ্রাউন্ডে এক অন্যরকম আবেগ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ এবং বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় মূল প্রদর্শনী। কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুশৃঙ্খলভাবে অংশ নেন। সাজোয়া ইউনিট, আর্টিলারি, সিগন্যালস, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এয়ার ডিফেন্স ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট তাদের রণসজ্জা প্রদর্শন করে।

আকাশে বিমান বাহিনীর দক্ষ পাইলটদের রোমাঞ্চকর ফ্লাইপাস্ট এবং প্যারাট্রুপারদের জাতীয় পতাকা নিয়ে অবতরণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ ভাগে মিগ-২৯ যুদ্ধবিমানের গগনবিদারী আওয়াজ ও বিশেষ সালামের মাধ্যমে বীরত্বপূর্ণ এই প্রদর্শনীর সমাপ্তি ঘটে।

DR
আরও পড়ুন