কৃষ্ণসাগরে বসফরাস প্রণালির কাছাকাছি তুরস্ক পরিচালিত একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, প্রণালী থেকে প্রায় ১৪ মাইল দূরে এই হামলা হয়।
হামলার সময় সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটিতে ২৭ জন ক্রু সদস্য ছিলেন। বিস্ফোরণে জাহাজটির ব্রিজে বড় ধরনের ক্ষতি হলেও কেউ হতাহত হননি। রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করেছিল ট্যাংকারটি।
তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুলকাদির উরালওগলু জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এই ঘটনার প্রেক্ষাপটে বৃহত্তর অঞ্চলেও উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে একদিকে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, অন্যদিকে চলমান পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। তবে এর বিনিময়ে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে সরে যাওয়ার শর্ত যুক্ত থাকায় বিষয়টি কিয়েভের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে যুদ্ধক্ষেত্রেও সহিংসতা অব্যাহত রয়েছে। রাশিয়ার হামলায় খারকিভে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইউক্রেন রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলা চালালে সেখানে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জিম্বাবুয়ে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে তাদের অন্তত ১৫ জন নাগরিক নিহত হয়েছেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আইআরজিসির হামলা
নিজ নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
ইরানে খাদ্য ও ওষুধের পর এবার সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া
