ন্যাটো থেকে সরে আসার হুমকি দিলেন ট্রাম্প

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউরোপীয় মিত্রদের তীব্র সমালোচনা করে উত্তর আটলান্টিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; সংকটকালে মিত্রদের ‘অপর্যাপ্ত সহযোগিতা’কেই এর কারণ হিসেবে তুলে ধরেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতি বছর কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করছে, কিন্তু সংকটের সময় সেই মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাওয়া যাচ্ছে না।

তিনি এ পরিস্থিতিকে ‘বিরাট ভুল’ আখ্যা দিয়ে জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মিত্রদের পাশে থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেই প্রতিদান মিলছে না। তার ভাষায়, এই ব্যয় থেকে সরে আসলে যুক্তরাষ্ট্রের জন্য বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে এবং জোটে থাকা নিয়ে পুনর্বিবেচনার সময় এসেছে।

এর আগে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তিনি একে মিত্রদের জন্য ‘আনুগত্যের পরীক্ষা’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য এটি খুবই সামান্য উদ্যোগ।

শেষ পর্যন্ত ট্রাম্প স্পষ্ট বার্তা দেন, মিত্ররা পাশে না থাকলে যুক্তরাষ্ট্রেরও তাদের পাশে থাকার প্রয়োজন নেই। সূত্র: দ্য টেলিগ্রাফ

AS/AHA
আরও পড়ুন