লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম

দুই সপ্তাহের ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা চালিয়ে যাওয়াকে ‘অযৌক্তিক’ ও ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান। লেবাননে ইসরায়েলি তাণ্ডবে একদিনে আড়াই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় তেহরান এখন সরাসরি পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানি গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে বলেন,‘ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করে ইতোমধ্যেই যুদ্ধবিরতির শর্তগুলো পদদলিত করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের অযৌক্তিক শর্ত দিয়ে মূলত সমঝোতার পথ রুদ্ধ করছে। এমন দ্বিমুখী আচরণের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।’

বুধবার (৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননজুড়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন। এর  প্রতিবাদে লেবাননে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পাকিস্তান জানিয়েছিল এই চুক্তির আওতায় লেবাননও থাকবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দাবি করেছেন- লেবানন এই চুক্তির অংশ নয়।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া ভাষায় বলেছেন, ‘ওয়াশিংটনকে বেছে নিতে হবে তারা কি শান্তি চায়, নাকি ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালাতে চায়; একই সাথে দুটো সম্ভব নয়।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান এবং মার্কিন-ইসরায়েলি জোটের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। যুদ্ধের প্রভাবে কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। যদিও পাকিস্তান আগামী শনিবার থেকে একটি উচ্চপর্যায়ের শান্তি বৈঠকের আয়োজন করেছিল, তবে লেবাননের এই নতুন হামলা সেই সম্ভাবনাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

FJ
আরও পড়ুন